গত দুই মাস ধরে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল কী হবে এ নিয়ে প্রবল উত্সাহ ছিল আমজনতার। কিন্তু ক্রমশ বেড়ে চলা করোনা সংক্রমণ বাদ সেধেছে সেই নির্বাচনি আমেজে। উলটা হঠাত্ই সবার আলোচনার বিষয় হয়েছে—প্রয়োজনে কোথায় অক্সিজেন পাওয়া যাবে?? করোনা আক্রান্ত হলে ভর্তি হব কোথায়?? এরই মধ্যে মাদ্রাজ হাইকোর্ট বলেছে, কোভিড মোকাবিলায় যথাযথ ব্যবস্থা না হলে স্থগিত করা হতে পারে ভোট গণনা। এই পরিস্থিতিতে কড়া অবস্থান নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ২ মে পশ্চিমবঙ্গসহ চার রাজ্য এবং একটি ইউনিয়নে ফল ঘোষণার পর কোনো বিজয় উত্সব করা যাবে না বলে জানিয়েছে কমিশন। এমনকি জয়ী প্রার্থী সার্টিফিকেট নিতে গেলে সঙ্গে থাকতে পারবেন মাত্র দুই জন।
ফল ঘোষণার পর বিজয় উত্সব আর আবির মাখানো, রঙের খেলা পশ্চিমবঙ্গসহ গোটা ভারতেই দীর্ঘদিনের রেওয়াজ। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে ফল প্রকাশের এই রঙের খেলা বন্ধ হতে চলেছে।
গত কয়েক সপ্তাহে চিকিত্সকসহ বিভিন্ন মহল থেকে দাবি করা হয় লাগামহীনভাবে রাজনৈতিক দলগুলোর প্রচার এবং সমাবেশে মাস্ক ব্যবহার না করায় সংক্রমণ লাগামহীনভাবে বেড়ে চলেছে। প্রশ্ন ওঠে ভারতের নির্বাচন কমিশনের ‘গা ছাড়া’ মনোভাব নিয়ে। তারপরই এ নিয়ে কড়া অবস্থান নেয় মাদ্রাজ হাইকোর্ট। এদিকে শেষ ধাপের নির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার ৩৫টি আসনে ভোটগ্রহণ হবে।
