‘লন্ডন স্কুল অব কমার্স ঢাকা (এলএসসি)’ নামে রাজধানীতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনবিহীন একটি স্টাডি সেন্টারের খোঁজ পেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই স্টাডি সেন্টার থেকে যুক্তরাজ্যের ওয়ারেহাম গ্লেন্ডওয়ার বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার এবং স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটির অধীনে বিভিন্ন ধরনের ডিপ্লোমা, স্নাতক, মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি প্রদান করা হচ্ছে।
স্টাডি সেন্টারটির নামে ২০০৭ সালে একটি ওয়েবসাইট (www.lscdhaka.org/) খোলা হয়েছে এবং শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যা সম্প্রতি ইউজিসির নজরে এসেছে। ইউজিসির তথ্যমতে, এ স্টাডি সেন্টার পরিচালনায় সরকার ও কমিশনের অনুমোদন নেই।
স্টাডি সেন্টারটির ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায়, এটি ২০০৫ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। রাজধানীর গুলশান-২-এর গুলশান সেন্টার ও বনানীর ওশান টাওয়ারে এলএসসির দুটি অফিস খোলা হয়েছে। এ দুটি কেন্দ্র থেকে বিএ (অনার্স) বিজনেস স্টাডিজ, মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ), ফাউন্ডেশন ইন বিজনেস এবং প্রফেশনাল ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল বিজনেস ডিগ্রি প্রদান করা হচ্ছে। এসব কোর্সের মেয়াদ আট মাস থেকে দুই বছর। আগামী মে মাসে এসব কোর্সে শিক্ষার্থীদের ভর্তির জন্য আবার সার্কুলার দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে আরো বলা হয়েছে, পার্টনার ইউনিভার্সিটির সহযোগিতায় এলএসসি ঢাকা সাশ্রয়ী মূল্যে বিএ (অনার্স) এবং এমবিএর মতো ফাস্ট ট্র্যাক কোর্সের ডিগ্রি প্রদান করছে। এখানে কোনো শিক্ষার্থী ভর্তি হলে পার্টনার ইউনিভার্সিটির লন্ডন, মালটা, মালয়েশিয়া, শ্রীলঙ্কাসহ আন্তর্জাতিক ক্যাম্পাসসমূহে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবেন।
লন্ডন স্কুল অব কমার্স ঢাকা বিষয়ে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রসেফর ড. বিশ্বজিত্ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩(৩) ও ৩৯ অনুযায়ী বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কোনো শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টারে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি এবং আইনের ৪৯ ধারা অনুযায়ী এটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অনুমোদনহীন এ স্টাডি সেন্টারটি বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, এলএসসি ঢাকা বিডিজবস ডটকমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
প্রসঙ্গত, এর আগে সৈয়দপুরে অস্তিত্বহীন বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে সতর্কবার্তা জারি এবং ‘আমেরিকান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ’ বন্ধে পদক্ষেপের আহ্বান জানিয়েছিল ইউজিসি।
