দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে গত পহেলা ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর শান্তিপূর্ণ বিক্ষোভে সেনাবাহিনী ও পুলিশের গুলিতে শত শত মানুষের মৃত্যু ঘটছে। তাই এবার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্র প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছে বিক্ষোভকারীরা। এদিকে কারেন বিদ্রোহী গ্রুপ থাই সীমান্তে একটি সামরিক চৌকি দখল করে নিয়েছে। খবর ভয়েস অব আমেরিকার
মিয়ানমারের জাতিগোষ্ঠী বিদ্রোহী গ্রুপ কারেন ন্যাশনাল ইউনিয়ন জানায়, তারা থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে একটি সামরিক চৌকি দখল করে নিয়েছে। মিয়ানমার ও থাইল্যান্ডের মাঝামাঝি সালউইন নদী উপত্যকায় মঙ্গলবার ভোরে লড়াই শুরু হয়। কারেন ন্যাশনাল ইউনিয়নের এক জন মুখপাত্র জানান, তাদের গ্রুপ ভোর ৫টায় সামরিক চৌকিটি দখল করে। কারেন বিদ্রোহীরা জানিয়েছেন, তারা মার্চের শেষ দিক থেকে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য জঙ্গলে বিক্ষোভকারীদের প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। কারেন ন্যাশনাল ইউনিটের সশস্ত্র ইউনিট কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশনের চিফ অব স্টাফ মেজর জেনারেল নেরদাহ বো মিয়া বলেন, সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা প্রশিক্ষণ নিতে চান তাদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি। তিনি বলেন, আমরা একই নৌকার যাত্রী। একে অন্যকে সহায়তা করছি। সবাই সামরিক বাহিনীর হাত থেকে বাঁচার চেষ্টা করছি। গণতন্ত্রকে পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছি।
