করোনা ভাইরাসে যখন গোটা বিশ্ব বিপর্যস্ত, নতুন নতুন ভ্যারিয়েন্ট হতবিহ্বল করে দিচ্ছে মানুষকে, তখন আশার বাণী শোনালেন বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলেছেন, আগামী বছর অর্থাত্ ২০২২ সালেই বিশ্ব স্বাভাবিক অবস্থায় ফিরবে। বিল গেটস সম্প্রতি পোল্যান্ডের স্থানীয় দৈনিক গ্যাজেটা উইবোরকজা, স্কাই নিউজ এবং টেলিভিশন চ্যানেল টিভিএস ২৪-কে দেওয়া সাক্ষাত্কারে এই আশার বাণী শোনান। তবে আগামী বছরও কোভিডের প্রকোপ থাকবে বলে জানান তিনি। তিনি বিশ্ব স্বাভাবিক হওয়ার এই আশা দেখছেন করোনা টিকা আবিষ্কার এবং প্রয়োগ শুরু হওয়ার কারণে।
বিল গেটস টিকা আবিষ্কারকে মহামারি সময়ে একমাত্র সুখবর উল্লেখ করে বলেছেন, এই মহামারি অবিশ্বাস্য রকমের এক ট্র্যাজেডি। আমি মনে করি, ২০২২ সালের শেষ নাগাদ বিশ্ব পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরবে। ৬৫ বছর বয়সি বিল গেটস বলেন, আমাদের এখনই পরবর্তী মহামারির জন্য প্রস্তুতি নিতে হবে। তার আশঙ্কা, মানুষ কোভিডমুক্ত হওয়ার পর এর ভয়াবহতার কথা ভুলে যাবে।
বিশ্বের দারিদ্র্যপীড়িত দেশগুলোতে স্বল্পমূল্যে ভ্যাকসিন পৌঁছে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন জোট ‘গাভি’ (গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স) এর বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সেও অর্থ সহায়তা দিয়েছে বিল গেটসের ফাউন্ডেশন। এই জোটের মাধ্যমে দারিদ্র্যপীড়িত দেশগুলোতে ২০০ কোটি ডোস ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
