করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত সাড়ে ১২ টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন, খালেদা জিয়ার অবস্থা ভালো। তবে আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। চিকিত্সকদের সিদ্ধান্তে উনাকে কয়েকদিনের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গত রাতেই খালেদা জিয়ার সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, ইকো-ইসিজিসহ কয়েকটি পরীক্ষা করা হয়। তিনি হূদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে সপ্তম তলায় ৭২০৩ নম্বর কক্ষে চিকিত্সা নিচ্ছেন।
বিভিন্ন পরীক্ষার সময় বেগম জিয়ার সঙ্গে ছিলেন মেডিকেল বোর্ডের তিন সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ডা. আব্দুল্লাহ আল মামুন। হাসপাতালের সিনিয়র চিকিত্সকরাও এ সময় উপস্থিত ছিলেন।
রাত পৌনে ১ টায় হাসপাতাল গেইটে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ব্রিফিংয়ে বলেন, বেগম জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার ১৯ দিন হলো। উনার কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। আরো কিছু পরীক্ষা করানো হবে। এ কারণে ওনাকে অস্থায়ীভাবে ভর্তি করা হয়েছে। কারণ বার বার হাসপাতালে আসা যাওয়া করা ওনার জন্য কষ্টকর। পরীক্ষায় যতটুকু দেখা গেছে তার অবস্থা আগের চেয়ে ভালো। আমরা আশা করছি দ্রুতই তিনি সুস্থ হয়ে ওঠবেন ইনশাআল্লাহ।
এভার কেয়ার হাসপাতালে বিএনপি নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।
