বিতরণে দেরি: ১৩ লাখ টিকা হারাচ্ছে কঙ্গো

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৩:৪১

অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা বিতরণে দেরির কারণে মেয়াদ শেষের দিকে চলে আসায় প্রায় ১৩ লাখ ডোজ টিকা হাতছাড়া হচ্ছে কঙ্গোর। মেয়াদ ফুরানোর আগেই এগুলোর ব্যবহার নিশ্চিত করতে কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষকে এখন আফ্রিকার অন্যান্য দেশে এই টিকা নতুন করে বরাদ্দ দিতে হচ্ছে বলে জানিয়েছেন ইউনিসেফের একজন মুখপাত্র। রয়টার্স।

বৈশ্বিক কোভ্যাক্স সুবিধার মাধ্যমে গত ২ মার্চেই অ্যাস্ট্রাজেনেকার ১৭ লাখ কোভিড টিকা পেয়েছিল গণপ্রজাতন্ত্রী কঙ্গো। কিন্তু অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগে রক্ত জমাট বেঁধে যাওয়ার খবর পেয়ে ইউরোপের কয়েকটি দেশ এই টিকার ব্যবহার বন্ধ করে দেওয়ার পর কঙ্গোও টিকাটি বিতরণে বিরত থেকেছে। কঙ্গোর বায়োমেডিক্যাল রিসার্চ ল্যাবরেটরির তথ্যানুযায়ী, ৮ কোটি ৫০ লাখ মানুষের দেশ কঙ্গোয় মাত্র ১, হাজার ২৬৫ জনকে টিকা দেওয়া হয়েছে।

১৯ এপ্রিল থেকে কঙ্গোয় প্রথম টিকাদান কর্মসূচি শুরু হয়। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের পশ্চিমা ও মধ্য আফ্রিকার জ্যেষ্ঠ এক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, অবশিষ্ট প্রায় ১৩ লাখ টিকা এখন ঘানা, সেনেগাল ও টোগোসহ আফ্রিকার অন্যান্য দেশে পাঠানো হবে, যাতে মেয়াদ শেষের আগেই এর ব্যবহার নিশ্চিত হয়। এই টিকাগুলোর মেয়াদ ২৪ জুনে উত্তীর্ণ হয়ে যাবে। টিকাগুলো নতুন করে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষের কেউ তাত্ক্ষণিক কোনো মন্তব্য করেননি।

ইত্তেফাক/টিআর