বিএনপি বিকারগ্রস্ত ও দুষ্কৃতিকারীদের পক্ষে: তথ্যমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৭:০৭

‘সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত এবং দুষ্কৃতিকারীদের পক্ষে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার ( ২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, করোনার টিকা নিয়ে বিএনপি যেভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন টিকা আসতে ছয়মাস লাগবে, অথচ আগামী মাসেই করোনার টিকা আসছে। তিনি বলেন, সরকার অত্যন্ত দক্ষতার সাথে মহামারি মোকাবেলা করছে এবং একইসাথে মানুষের জীবিকা রক্ষার জন্যও কাজ করে যাচ্ছে। 

এদিন বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জাতির পিতার শহীদ দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শেখ জামাল ছিলেন দুঃসাহসী অকুতোভয় মুক্তিযোদ্ধা। 

মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে জাতির পিতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শাহাদাৎবরণকারী শেখ জামালের বিদেহী আত্মার শান্তির জন্য আমরা কায়মনে প্রার্থনা করি।’

ইত্তেফাক/এসআই