মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক সাহিদ রেজাকে অপসারণ

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক এ কে এম সাহিদ রেজাকে পর্ষদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে মার্কেন্টাইল ব্যাংককে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন-১৯৯১-এর ৪৬ ধারার আওতায় মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালকের পদ থেকে এ কে এম সাহিদ রেজাকে অপসারণের আদেশ দেওয়া হলো। আইনের ৪৬(৩) ধারার বিধান অনুযায়ী এই আদেশের তারিখ থেকে দুই বছর তিনি উক্ত ব্যাংক-কোম্পানি বা অন্য কোনো ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত বা অংশগ্রহণ করতে পারবেন না। ব্যাংক-কোম্পানি আইন-১৯৯১-এর ৪৮ (১) ধারার আওতায় গঠিত স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে একই আইনের ৪৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ দ্বারা সংক্ষুব্ধ হলে তিনি উল্লিখিত আইনের ৪৮ (২) ধারার আওতায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের কাছে আপিল করতে পারবেন।