বর্তমান নিয়মেই চলবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মেয়াদ আরো এক সপ্তাহ বাড়িয়ে ৫ মে পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। এই বিধিনিষেধের মধ্যে ব্যাংকের লেনদেন চলমান নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে। ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে শেয়ারবাজারের লেনদেনও চলবে। অর্থাত্ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে লেনদেন।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক নতুন একটি প্রজ্ঞাপনপত্র জারি করেছে। একই সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

রেজাউল করিম বলেন, বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। এর আগে গত ৫ এপ্রিল থেকে সরকার এক সপ্তাহের জন্য লকডাউন দিলে ব্যাংক লেনদেনের সময় কমিয়ে আনা হয়। আর এরসঙ্গে মিলিয়ে শেয়ারবাজারের লেনদেনের সময়ও নির্ধারণ করা হয়।