রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। এর অংশ হিসেবে জানা গেছে, হুইপপুত্র শারুন চৌধুরীর সঙ্গে তার পরিচয় ছিলো। সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া দু’জনের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তাকে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
শারুন সাংবাদিকদের জানান, মুনিয়ার সঙ্গে কথোপকথনের ব্যাপারে জানতে চেয়েছে পুলিশ। তিনি স্বীকার করেছেন, মুনিয়ার সঙ্গে তার পরিচয় ছিলো। গত বছর হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করে মেয়েটি। তখন শারুন তাকে জানান- মুনিয়া যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, সেই একই ব্যক্তির সঙ্গে তার সাবেক স্ত্রীর সম্পর্ক ছিলো।

শারুন ও মুনিয়ার কথোপকথনের স্ক্রিনশট দেখে বোঝা যায়নি তাদের কথোপকথন কত তারিখে হয়েছিল। এটুকু বোঝা যাচ্ছে, ঘড়ির কাটা ছিলো বিকেল পাঁচটার কাছাকাছি।
শুরুতেই শারুনকে মুনিয়া লিখেছেন, ‘উনি তো আমাকে বিয়ে করবে না। কী করবো আমি?’ শারুন এর উত্তর দেন এভাবে, ‘আগেই বলেছিলাম, ওর কথা শুইনো না। ও আমার বউকেও বলছে বিয়ে করবে, কিন্তু করে নাই। মাঝখানে আমার মেয়েটা মা ছাড়া হয়ে গেছে। যদিও আমার বউ খারাপ চরিত্রের একটা মেয়ে।’

কথোপকথনের একপর্যায়ে মুনিয়া উল্লেখ করেন, ‘আমার একটা ঝামেলা হয়ে গেছে।’ এজন্য শারুনকে কিছু ছবি ও একটি অডিও রেকর্ডিং দিয়ে রাখবেন বলে জানান তিনি। এরপর মুনিয়া বলেন, ‘যদি আমার কিছু হয় আপনি এটা সবাইকে দেবেন প্লিজ।’

শারুনকে মুনিয়া কয়েকটি ছবি ইনবক্স করে বলেন, ‘আপনি প্লিজ আমি মারা গেলে আমার পরিবারকে দেখবেন।’ একথা শুনে শারুন বলেন, ‘তুমি কিছু করলে একটি গ্রুপ শেষ হয়ে যাবে।’
ইত্তেফাক/এনএ
