ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী সার্কেলের অভিযানে তিন জন ওষুধ ব্যবসায়ীকে জেল-জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টা ডল ট্যাবলেট, ডায়াজিপাম গ্রুপের ইজিয়াম ইঞ্জেকশন ও ট্যাবলেট এবং ন্যালবো ফাইন গ্রুপের ন্যালবাম ইঞ্জেকশন জব্দ করা হয়। আটক ওষুধ ব্যবসায়ীদের মধ্যে রয়েছে আকবরের মোড়ের শিশির ফার্মেসির আহাদ আলী, কলেজ রোডের মোল্লা ফার্মেসির আমিনুল ইসলাম মোল্লা এবং আজিজ ফার্মেসির শামীম আহম্মেদ জুয়েল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল তাত্ক্ষণিকভাবে এদের সকলকে এক মাস করে জেল এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সানোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিডিউলভুক্ত ওষুধের বাইরে লাইসেন্স ছাড়া এসব ওষুধ মাদকসেবীদের কাছে নেশাদ্রব্য হিসেবে বিক্রির অভিযোগ ছিল।
