বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীদের আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, সেনা আদলে পোশাক ও চাঁদার রসিদসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে পাহাড়ের অরণ্যে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি ছুড়লে আইনশৃঙ্খলা বাহিনীও গুলিবর্ষণ করে। দুই পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনাও ঘটে। পরে অস্ত্রধারী সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে গেলে তাদের আস্তানা তল্লাশি করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—ম্যাগাজিনসহ একটি নাইনএমএম পিস্তল, একে ৪৭ রাইফেলের ম্যাগাজিন, একাধিক অ্যামোনিশন বাউন্ডুলিয়ার, ধারালো দেশীয় অস্ত্র, কমান্ডো নাইফ, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি সেট, সোলার চার্জার, ১৩টি মোবাইল ফোন, সন্ত্রাসীদের ব্যবহূত সেনা আদলে জলপাই রঙের পোশাক, চাঁদা আদায়ের রসিদবই, নগদ অর্থ, সন্ত্রাসীদের জাতীয় পরিচয়পত্র, সন্ত্রাসী কাজে ব্যবহূত বেশ কয়েকটি ব্যাগ এবং দেশীয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর সদর জোন কমান্ডার আতাউস সামাদ রাফি জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের সাধারণ মানুষদের জিম্মি করে চাঁদা আদায় করছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালানো হয়।
