ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমস্যা সমাধানের আহ্বান চট্টগ্রাম চেম্বারের

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:০৭

চট্টগ্রাম অফিস

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গতকাল বুধবার চট্টগ্রাম চেম্বার ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক ওয়েবিনারে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মাহবুবুল আলম বলেন, মাঠ পর্যায়ে ব্যবসায়ীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তা চিহ্নিত করা খুবই প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা প্রতিষ্ঠান নিবন্ধন, ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট খোলা ইত্যাদি ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হয় তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু চট্টগ্রামে সংশ্লিষ্ট দপ্তরসমূহের উন্নয়ন অপরিহার্য। তিনি ওয়ান স্টপ সার্ভিস যথাযথ বাস্তবায়নসহ বিনিয়োগ পরিবেশ উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিডার ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত ৬০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসা সহজীকরণ সূচক ডাবল ডিজিটে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিডার নির্বাহী সদস্য মো. বিল্লাল হোসেন। অংশ নেন চেম্বার পরিচালকবৃন্দ এস এম আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ, মো. এম মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ।