স্পোর্টস রিপোর্টার
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট থেকে দল পেয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমবার এ টি-২০ টুর্নামেন্টে দল পেলেন লিটন দাস। সাকিবকে লাহোর কালান্দার্স, মাহমুদউল্লাহকে মুলতান সুলতান ও লিটনকে করাচি কিংস দলে টেনেছে। যদিও পিএসএলে তাদের অংশগ্রহণ অনিশ্চিত।
কারণ জুনে শুরু হবে পিএসএল। ক্রিকেটারদের ২৩ মে থেকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। মে মাসের তৃতীয় সপ্তাহে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। পিএসএলে দল পাওয়া তিন ক্রিকেটারই ওয়ানডে দলের নিয়মিত সদস্য। জুনে জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই খেলবে টাইগাররা। তাই পিএসএলের জন্য তিন ক্রিকেটারের ছাড়পত্র পাওয়া কঠিনই বলতে হয়।
সাকিব-লিটনদের ছাড়পত্র দেয়া সম্পর্কে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গতকাল বলেছেন, ‘জাতীয় দলের খেলা আগে। আমরা এখনও কোনো চিঠি পাইনি। খেলোয়াড়রা যদি যোগাযোগ করে তারপর আমরা সিদ্ধান্ত নিব। এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।’
ড্রাফটে থাকলেও দল পাননি তামিম ইকবাল ও তাসকিন আহমেদ, সাব্বির রহমান। ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে ছিলেন সাকিব। রশিদ খানের জায়গায় তাকে দলে নিয়েছে লাহোর। মাহমুদউল্লাহ, লিটন ছিলেন সিলভার ক্যাটাগরিতে। দল না পাওয়া তিন ক্রিকেটারও ছিলেন একই ক্যাটাগরিতে। বছরের শুরুতে করোনার কারণে ১৪ ম্যাচ পর স্থগিত হয়েছিল পিএসএল। আগামী ২ জুন আবারও মাঠে গড়াবে টুর্নামেন্টের বাকি অংশ। লম্বা বিরতির কারণে দলগুলো অনেক খেলোয়াড় হারিয়েছে। শূন্যস্থান পূরণের জন্যই আয়োজন করা হয় ড্রাফট। এবং ভার্চুয়াল ড্রাফট থেকে ফ্র্যাঞ্চাইজিরা দল পুনর্গঠন করে।
