ইত্তেফাক রিপোর্ট
করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চেলে গেলেন প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহজাহান। গতকাল বুধবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৩ এপ্রিল থেকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন ৭৮ বছর বয়সি এই সাংবাদিক।
জানা গেছে, গত বৃহস্পতিবার অসুস্থ বোধ করলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তার মরদেহ জামালপুর শহরের এক নম্বর ওয়ার্ডে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৈয়দ শাহজাহান দৈনিক ইত্তেফাকে প্রায় ৪৫ বছর সাংবাদিকতা করেন। এই সময়ে প্রাচীন এই পত্রিকাটির প্রধান প্রতিবেদক, শিফট ইনচার্জসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের এই সদস্য। তিনি কচিকাঁচার আসরের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গেও তার বেশ ঘনিষ্ঠতা ছিল। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এছাড়া শোক প্রকাশ করেন জামালপুর সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক উবাইদুল্লাহ বাদল।
ইত্তেফাকের তিন ইউনিয়নের শোক
সৈয়দ শাহজাহানের মৃত্যুতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইত্তেফাক ইউনিটের ইউনিট প্রধান আমীর মুহাম্মদ, দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. তাজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম আখতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আমজাদ মারুফ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
