সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত :তথ্যমন্ত্রী

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:২৪

বিশেষ প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত এবং দুষ্কৃতকারীদের পক্ষে।’ গতকাল বুধবার দুপুরে মিন্টো রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপি মহাসচিবের বক্তব্য ‘জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং কল্পকাহিনি সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে’—এর প্রতি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী আরো বলেন, ‘সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত হয়ে পড়েছে এবং এজন্য নানা উলটাপালটা কথা বলছে। আপনারা দেখেছেন করোনার টিকা নিয়ে তারা কীভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, এখনো সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ জাতির পিতার দ্বিতীয় পুত্র শহিদ শেখ জামালের ৬৮তম জন্মদিন উপলক্ষ্যে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শেখ জামাল ছিলেন দুঃসাহসী অকুতোভয় মুক্তিযোদ্ধা। মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ‘আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানা, কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সঙ্গে শেখ জামালও গ্রেফতার হয়েছিলেন। তাদেরকে পাকিস্তানি সেনাবাহিনী অন্তরীণ করে রেখেছিল। সেখান থেকে দুঃসাহসিকতার সঙ্গে পালিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এ সময় ড. হাছান শহিদ শেখ জামালকে দেশের একজন দক্ষ সেনা অফিসার হিসেবে বর্ণনা করে বলেন, তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার, শেখ জামাল যুগোস্লাভিয়ার মিলিটারি অ্যাকাডেমিতে ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ নেন।