মুন্সীগঞ্জ প্রতিনিধি
লৌহজং উপজেলার মাওয়া মত্স্য আড়তে অভিযান চালিয়ে ১ হাজার কেজি জাটকাসহ একটি পিকআপ ও চালকসহ চার জাটকা ব্যবসায়ীকে আটক করেছে মাওয়া কোস্ট গার্ড। গতকাল বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন বিল্লাল, বাবু ও ইমামুল হক। তারা শরীয়তপুরের জাজিরা উপজেলার মাতবরকান্দি গ্রামের বাসিন্দা। পিকআপ চালক দীন ইসলাম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের মজিদ মাদবরের ছেলে। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির আটক প্রত্যেককে ৪ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত জাটকাগুলো লৌহজং উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
