প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃতির দায়ে আটক ২

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২২:২৬

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

আলোচিত মামুনুল হক ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃতি ও কটাক্ষ করে উসকানিমূলক পোস্ট করার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রূপগঞ্জ ও ফতুল্লা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা সাইবার মনিটরিং দ্বারা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া উইং কর্মকর্তা হাফিজুর রহমান।

আটককৃত তরিকুল ও ইমরান হোসেনের বিরুদ্ধে মামলাসহ যথাযথ আইনগতব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন—রূপগঞ্জের নগরপাড়ার মৃত কুটু ওরফে কদু মিয়ার ছেলে তরিকুল ও ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে ইমরান হোসেন। এ সময় তাদের ব্যবহূত দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা হাফিজুর রহমান জানান, হেফাজতের তাণ্ডবের সঙ্গে তারা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

তাদের ব্যাপারে আরো খোঁজখবর নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আটককৃতদের বিষয়ে প্রেস ব্রিফিং করে অথবা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরে আরো তথ্য প্রকাশ করা হবে বলে জানান জেলা পুলিশের মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকা এই কর্মকর্তা।

 

 

০