ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাস স্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে এন মল্লিক পরিবহনের ৯টি বাস ও আশপাশে থাকা ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) হুমায়ন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাহউদ্দিন মনজু, ফায়ার সার্ভিস ঢাকা জোন-৫-এর উপ-পরিচালক হাফিজুর রহমান, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।
স্থানীয়রা জানান, সকালে বান্দুরা বাসস্ট্যান্ড সংলগ্ন চুন্নুর তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়লে বাসস্ট্যান্ডে সারিবদ্ধ করে রাখা এন মল্লিক পরিবহনের ৯টি বাস পুড়ে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয় ও পুলিশের সহায়তায় প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জাকির নামে একজন আহত হন।
তবে এন মল্লিক পরিবহনের মালিক নার্গিস মল্লিকের দাবি, এ ঘটনা পরিকল্পিত। বাসস্ট্যান্ড থেকে যারা আমার গাড়িগুলোগুলো অন্যত্র সরাতে বলেছে তারাই ষড়যন্ত্র করে গাড়িতে আগুন দিয়েছে।
ফায়ার সার্ভিস ঢাকা জোন-৫-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, কীভাবে আগুনের সূত্রপাত তদন্তের আগে তা বলা যাবে না। তদন্ত করে জানতে পারব কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে।
