মঙ্গলবার ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে চাঁদাবাজি ও মাদক মামলায় গ্রেফতার করেছে টঙ্গী থানা পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর নোয়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রেজাউল টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুিমশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইলতুিমশ জানান, রেজাউলের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় ঝুট ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম মনিরের নিকট চাঁদা দাবির অভিযোগে মঙ্গলবার একটি মামলা হয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল টঙ্গীর আমতলী কেরানিরটেক এলাকা থেকে জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যমতে আমতলী কেরানিরটেক এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে আলমারি থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে জাকির জানায়, তিনি রেজাউল করিমের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ক্রয় করেছেন। পরে নোয়াগাঁও এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেফতার করে পুলিশ। একই দিন রাতে পুলিশ জাকিরের বড় ভাই নবিন হোসেনকে কেরানিরটেক এলাকা থেকে আটক করে। তার কাছ থেকে ২৯৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এসব ঘটনায় বুধবার টঙ্গী পশ্চিম থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এদিকে গ্রেফতারের পর বুধবার দুপুরে ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে আদালতে প্রেরণ করে মাদক মামলায় সাত দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার।
