হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১২:১৫

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার অপারেশন করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে তার শরীরের বিভিন্ন অর্গান কাজ করতে শুরু করেছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। আরো দুই-একদিন এরকম শারীরিক অবস্থা থাকলে তিনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হবেন।

এর আগে, মঙ্গলবার সকালে হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল? তার পাকস্থলীতে নাড়ি জোড়া লেগে গিয়েছিল। মেডিক্যাল বোর্ড গঠন করে সেদিন রাতে তার অপারেশন করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে বাংলা একাডেমির মহাপরিচালক হন কবি হাবীবুল্লাহ সিরাজী। আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে ভূমিকা রাখা হাবিবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক পান। তার আগে ১৯৯১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

ইত্তেফাক/এমআর