পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ইমরান খান নেতৃত্বাধীন পিটিআই সরকার দ্বারা সুপ্রিম কোর্টের বিচারপতিকে ব্ল্যাকমেইল ও ভয় দেখানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) তিনি একথা বলেন বলে উল্লেখ করেছে ইয়াহু নিউজ।
প্রতিবেদনে বলা হয়, বিচারপতি কাজী ফয়েজ ইশার পর্যালোচনা আবেদনের বিষয়ে সাম্প্রতিক রায়ের পর এ মন্তব্য করলেন বিলাওয়াল। সোমবার শীর্ষ আদালত বিচারপতি ফয়েজের পরিবারের সদস্যদের বিদেশি সম্পত্তি তদন্তের জন্য ফেডারেল বোর্ড অফ রাজস্ব (এফবিআর) এর ১৯ জুন, ২০২০ সালের আদেশের বিরুদ্ধে দায়ের করা রিভিউ পিটিশনের অনুমতি দিয়েছে।
এক বিবৃতিতে বিলাওয়াল বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান থেকে জবাবদিহিতা প্রক্রিয়া শুরু করা উচিত। পিপিপি সর্বদা সাংবিধানিক আধিপত্যের পক্ষে দাঁড়িয়েছে এবং বিচার বিভাগের বিরুদ্ধে আক্রমণ বা ষড়যন্ত্র কখনো করেনি।
প্রতিবেদনে আরো বলা হয়, প্রবীণ আইনজীবীরা বিশ্বাস করেন যে বিচারপতি ইশার আসল পরীক্ষা শুরু হবে এবং পিটিআই সরকার সম্পর্কিত বিষয়গুলিতে তিনি কীভাবে এগিয়ে যাবেন তা দেখার জন্য সবার নজর থাকবে। একজন সরকারী কার্যনির্বাহী আশা প্রকাশ করেন, বিচারপতি ইশার মামলার সিদ্ধান্ত নেওয়ার সময় কোনো নির্বাহী কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত ক্ষোভ থাকবে না।
ইত্তেফাক/এসএ
