ফুল

গ্রীষ্মের ফুল

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২০:০৬

 

হাজার বেলি বহুবর্ষজীবী গ্রীষ্মমণ্ডলীয় ঝোপালো ও গুল্মজাতীয় উদ্ভিদ। দ্রুত বর্ধশীল ও বেশ কষ্টসহিষ্ণু। উচ্চতায় গড়ে চার থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে। পাতা আকারে বড় ও ডিম্বাকৃতির। বোঁটা বেশ লম্বা, রং গাঢ় সবুজ, শিরা-উপশিরা স্পষ্ট, কিনারা হালকা খাঁজকাটা, রসালো ও নরম মানের। বংশ বিস্তার ঘটে লতার মাধ্যমে। শাখার অগ্রমাথায় ফুল ফোটে। ফুল ফোটার মৌসুম গ্রীষ্মকাল। ফুলের একটি থোকায় সাধারণত ৫০ থেকে ৬০ টি পর্যন্ত ফুল ফোটে। ফুল দেখতে প্রায় বেলি ফুলের মতো হলেও হাজার বেলি ফুলের গঠন অনেক বেশি সুগঠিত ও নজরকাড়া। প্রতিটি ফুলে তিন থেকে পাঁচ স্তর পাপড়ি থাকে। প্রতিটি ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত অবস্থায় তিনদিন থাকে। ফুলের রং সাদা থেকে হালকা গোলাপি আভাযুক্ত। থোকায় ফুলগুলো পর্যায়ক্রমে ফোটে। তাই একটি থোকায় প্রায় মাসখানেক ধরে ফুল ও ফুলের সৌরভ থাকে। ফুলে রয়েছে মিষ্টি সুঘ্রাণ। সকাল ও সন্ধ্যায় ফুলে ঘ্রাণের তীব্রতা বহুগুণ বেড়ে যায়। হালকা ছায়া থেকে রৌদ্রোজ্জ্তল পরিবেশে উঁচ থেকে মাঝারি উঁচু ভূমি ও প্রায় সব ধরনের মাটিতে হাজার বেলি জন্মে।

লেখা ও ছবি: নূর আলম গন্ধী