দুর্ভোগে স্থানীয়রা
নেত্রকোনা প্রতিনিধি
প্রায় ১০ বছর আগে বন্যায় ধসে যাওয়া নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ-গাওকান্দিয়া বাজার সড়কের সংযোগ সেতুটি এখনো সংস্কার হয়নি। ফলে জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। এই সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঐ ইউনিয়নের এলজিএসপি (লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) প্রকল্পের অর্থায়নে ২০১১ সালে নির্মিত এই সেতুটি বছর না যেতেই বন্যায় ভেঙে যায়। এরপর আর সেতুটি সংস্কার বা নতুন করে নির্মিত হয়নি। দীর্ঘদিন ধরে সেতুটি অচল থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ এমন অভিযোগ স্থানীয়দের। হারিয়াউন্দ গ্রামের মো. সোহাগ রানা ও নূরুল আমিন, বাড়ইপাড়া গ্রামের শিক্ষক এমদাদুল হক নয়ন বলেন, ‘সেতুটির কারণে গ্রামীণ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে ঘরবন্দি দিন কাটে অনেক পরিবারের। প্রায় ১০ বছর ধরে এভাবে ভেঙে পড়ে থাকা সেতুটি কবে আবারও আলোর মুখ দেখবে জানি না।’
দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম জানান, ‘ঐ জায়গাটি কয়েক বার পরিদর্শন করেছি। ৬০ ফুট দৈর্ঘ্যের সেতু নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ঐ স্থানে বন্যার প্রবল স্রোতের কারণে এরকম ব্রিজ টেকসই হবে না। এখানে গার্ডার ব্রিজ নির্মাণ করতে হবে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু জানান, আমি পিআইওর মাধ্যমে পরিদর্শন করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গার্ডার ব্রিজ নির্মাণ করাও সম্ভব নয়। এলজিইডি কর্তৃক সেতুটি নির্মাণের জন্য দাবি জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা বলেন, ‘সেতু নির্মাণের ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, ‘দীর্ঘদিন ধরে ঐ সেতুটি পড়ে রয়েছে। এটি আমি দেখেছি। সরজমিন পরিদর্শন করে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে একটি গার্ডার ব্রিজের প্রস্তাবনা পাঠানো হবে।’
