ঘরবাড়ি ও বাজার হুমকিতে
রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারীর সীমান্তবর্তী জিনজিরাম নদীতে শুষ্ক মৌসুমে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে কিছু অসাধু বালু ব্যবসায়ী। এতে আগামী বর্ষা মৌসুমে বাগেরহাট নতুন বাজার, ফসলি জমিসহ ঘরবাড়ি জিনজিরাম নদীর ভাঙনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে মঙ্গলবার সকালে দেখা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বাগেরহাট বাজারের পাশে জিনজিরাম নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলন করছেন প্রভাবশালী মাটি ব্যবসায়ীরা। জিনজিরাম নদী তীরে বসবাসরত ছামিনা বলেন, ড্রেজারআলারা বাড়িঘর ভাঙার চেষ্টা করছে। নদীর ভাঙনে বাড়িঘর ভাঙলে কই যামু। ড্রেজারআলারা নদী থ্যাইকা বালুমাটি সব কাইটা নিয়া গভীর দও বানাইতেছে, বন্যা আসলে বাড়িঘর, ফসলি জমি ও বাজার সব ভাইঙ্গা যাইব। বাগেরহাট এলাকার খয়বর রহমান, ছকিবর মিয়া ও আলেক মিয়া বলেন, এরকমভাবে সিমান্তবর্তী জিনজিরাম নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকলে আগামী তিন/চার বছরের মধ্যে নদীর গতিপথ পরিবর্তীত হয়ে জনপদ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান বলেন, রৌমারীর সীমান্তবর্তী জিনজিরাম নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
