স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারেক নূর বৃহস্পতিবার দুপুরে দায়িত্বে যোগদান করেছেন। এ সময় প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বে নিযুক্ত ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. লুত্ফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এর আগে রাবির উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান তাকে এই পদে নিয়োগ দেন। জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক মো. তারেক নূর ইতিপূর্বে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি ২০০৬ সালে রাবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন।
