হোমনায় বাবাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে আটক

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২১:৫৭

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় টাকার জন্য এক বীর মুক্তিযোদ্ধা বাবাকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তার দুই ছেলের বিরুদ্ধে। বুধবার রাতে অভিযুক্ত দুই ছেলে সুমন ও হাবিবুর রহমান কালুকে আটক করেছে পুলিশ। এর আগে গত ২৭ এপ্রিল এ ব্যাপারে হোমনা থানায় লিখিত অভিযোগ দেন হতভাগা বাবা মোহন মিয়া। বীর মুক্তিযোদ্ধা মোহন মিয়া জানান, আমার সমস্ত সম্পত্তি চার ছেলে ও দুই মেয়ের মধ্যে সমহারে ভাগ করে দিয়েছি। মুক্তিযোদ্ধার ভাতার টাকা দিয়ে আমরা স্বামী-স্ত্রী চলি। কিন্তু এ ভাতার টাকার ভাগ দেওয়ার জন্য দুই ছেলে সুমন ও হাবিবুর রহমান কালা আমাকে এবং আমার স্ত্রীকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। কোনো উপায়ন্তর না দেখে থানায় অভিযোগ দেই। হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, মুক্তিযোদ্ধা বাবার অভিযোগ পেয়ে তার দুই ছেলেকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।