ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রকাশ্য দিবালোকে ধান ব্যবসায়ী মোটরসাইকেল চালকের চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে ফুলবাড়ী-চিন্তামন সড়কের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর প্লাস্টিক কারখানার সামনের এলাকায়। ছিনতাইয়ের শিকার মাহাবুব হোসেন তুলা উপজেলার কাজিহাল ইউনিয়নের চোকিয়াপাড়া গ্রামের ইব্রাহীম আলমের ছেলে। তিনি পার্শ্ববর্তী আটপুকুরহাটে তার বড় ভাই মোশাররফ হোসেনের সঙ্গে ধানের ব্যবসা পরিচালনা করেন। বড় ভাই মোশাররফ হোসেন বলেন, মাহাবুব হোসেন ব্যবসার কাজে ব্যাংক থেকে ৩ লাখ ৩৮ হাজার টাকা তুলে মোটরসাইকেলে ফুলবাড়ী থেকে বাড়ি ফিরছিল। পথে চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দুইটি মোটরসাইকেলের চার জন ছিনতাইকারী টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেছে। মাহাবুব হোসেন তুলাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, এসআই আরিফ হোসেন ও দেবীকান্তকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে ঘটনা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
