রংপুরে দুস্থদের মধ্যে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে করোনায় কর্মহীন অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ বেঙ্গল মেকানাইজের ব্যবস্থাপনায় রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ভূমি অফিস মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ২০০ জন দুস্থ মানুষের প্রত্যেককেই চাল ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ১ কেজি, হাফ লিটার সয়াবিন তেল, হাফ কেজি লবণ, এক প্যাকেট সেমাই ও ১ প্যাকেট টোস্ট বিস্কুট দেওয়া হয়। এ সময় রংপুর সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল অং সাং মং, লেফটেন্যান্ট কর্নেল হাফিজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল অং সাং মং জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে থাকবে সেনাবাহিনী। এই সহযোগিতা অব্যাহত রাখা হবে।
রাজশাহী মহানগরীতে ত্রাণসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, রাজশাহী বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা সদস্যদের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহীর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার তৌহিদুল ইসলামের নির্দেশনায় মেজর রিয়াজের উপস্থিতিতে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ নিয়ে রাজশাহীর বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সৈয়দপুরে বোরো খেতে ব্লাস্ট রোগ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা উপজেলার বিস্তীর্ণ বোরো খেত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এমনটি হচ্ছে বলে কৃষি বিভাগের ধারণা। এতে ধানে চিটা ও ইদুরের উপদ্রব দেখা দিয়েছে। কৃষক আমিনুল হাসান জানান, তার তিন বিঘা জমিতে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ছত্রাকনাশক ওষুধ ব্যবহারেও ফল মিলছে না। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, বৈরী আবহাওয়ার কারণে ব্লাস্ট রোগে আক্রান্ত হচ্ছে ধানখেত।
সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। এদিন পরিবহন শ্রমিকসহ মোট ৩৫০টি পরিবারের মধ্যে এসব তুলে দেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ। বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, সহকারী কমিশনার মাশিদুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
কর্মহীনরা পেল দোকান ও ভ্যান
মুলাদী (বরিশাল) সংবাদদাতা মুলাদীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৩ জন কর্মহীন দরিদ্রের মধ্যে দোকান ঘর ও ভ্যান বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস ১০ জনকে ভ্যান এবং ৩ জনকে দোকান ঘর বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ তারিকুল হাসান খান মিঠু, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন প্রমুখ।
