সেনাবাহিনী প্রধান জাম্বিয়া সফরে যাচ্ছেন আজ

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:১৬

বিশেষ প্রতিনিধি

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সেনাবাহিনী প্রধান লে. জেনারেল উইলিয়াম শিকাজুইয়ের আমন্ত্রণে এক সরকারি সফরে আজ  জাম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সেনাপ্রধান জাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  এ ছাড়া সেনাপ্রধান জাম্বিয়ার লুসাকায় অবস্থিত আরাকান ব্যারাকে প্যারেড পরিদর্শন এবং সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী, সে দেশের সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস কমান্ড্যান্টের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। সাক্ষাত্কালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো জোরদার এবং পারস্পারিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। এ ছাড়া সেনাপ্রধান জেনারেল আজিজ জাম্বিয়ার ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন এবং ছাত্র অফিসারদের উদ্দেশ্যে বক্তৃতা প্রদান করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৬ মে দেশে ফিরবেন।