আরমানিটোলায় অগ্নিকাণ্ড
বিশেষ প্রতিনিধি
পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে আগুন লাগার ঘটনায় আশিকুর রহমান নামে আরো একজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়াল। বুধবার রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, লাইফ সাপোর্টে ছিলেন আশিকুর। তার বাহ্যিক কোনো দগ্ধ ছিল না। তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল। এ ঘটনায় হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় দুই জন মারা গেলেন। এর আগে রবিবার শাফায়াত হোসেন নামে একজন মারা যান। শাফায়াতের শ্বাসনালিসহ ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তার স্ত্রীও দগ্ধ হয়ে আইসিইউতে চিকিত্সাধীন রয়েছেন। মাত্র দেড় মাস আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আশিকুজ্জামানের সঙ্গে বিয়ে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইসরাত জাহানের।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার দিন মারা যায় একজন কলেজছাত্রীসহ চার জন।
