দিনভর বোলিংয়ের প্রাপ্তি এক উইকেট

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:১৯

      স্পোর্টস রিপোর্টার

পাল্লেকেলে স্টেডিয়ামে বোলারদের দুর্দিন অব্যাহত রয়েছে। প্রথম টেস্টের মতোই ক্যান্ডিতে দাপট দেখাচ্ছেন ব্যাটসম্যানরা। রান স্বর্গ উইকেটে গতকাল বাংলাদেশের বোলারদের ক্লান্তিকর সময় কেটেছে। দিনভর ৯০ ওভার বোলিং করে সফরকারীদের অর্জন মাত্র এক উইকেট। সেটাও এসেছে অভিষিক্ত শরীফুল ইসলামের হাত ধরে।

তবে দিনটা আরও স্বস্তিদায়ক হতেই পারত। যদি দিনের দ্বিতীয় ঘণ্টায় নাজমুল হোসেন শান্ত স্লিপে দিমুথ করুনারত্নের ক্যাচ নিতেন। ক্যাচ মিসের ভুলের সঙ্গে শ্রীলঙ্কার দুই ওপেনারের সেঞ্চুরিতে ক্যান্ডিতে বাজে দিন কেটেছে বাংলাদেশের। করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের জোড়া সেঞ্চুরিতে গতকাল প্রথম দিন শেষে ১ উইকেটে ২৯১ রান তুলেছে শ্রীলঙ্কা। থিরিমান্নে ১৩১ ও ওশাদা ফার্নান্দো ৪০ রানে অপরাজিত রয়েছেন। 

টসে হেরে ফিল্ডিং করা বাংলাদেশের একাদশে ছিল একটি পরিবর্তন। এবাদত হোসেনের জায়গায় সুযোগ পান শরীফুল। টেস্টে বাংলাদেশের ৯৭তম ক্রিকেটার এ বাঁহাতি পেসার। টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে দিনের প্রথম ঘণ্টায় বেশ চেপে ধরেছিল বাংলাদেশের বোলাররা। ঘনঘন বোলার পরিবর্তন হলেও প্রথম ঘণ্টায় ১৪ ওভারে মাত্র ২২ রান দিয়েছিল বাংলাদেশ।

সেই চাপের ফলটা দ্বিতীয় ঘণ্টার শুরুতেই পেতে পারতো টাইগাররা। তাসকিনের করা ২০তম ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ২৮ রানে থাকা করুনারত্নে। ক্যাচটা তালুবন্দি করতে পারেননি শান্ত। তাসকিনের পরের ওভারে থিরিমান্নের ড্রাইভ থেকে ক্যাচ গিয়েছিল গালিতে। ডাইভ দিয়েও বলের নাগাল পাননি মিরাজ।

তার পরই খুলে যায় চাপের বাঁধন। মিরাজ-তাসকিনদের ওপর চড়ে বসেন লঙ্কান ওপেনাররা। কাচ মিসের চড়া মূল্য দিয়েছে বাংলাদেশ। সেই করুনরাত্নে আউট হয়েছেন চা বিরতির পর। তার আগে থিরিমান্নেকে নিয়ে টানা দুই সেশন বাংলাদেশকে উইকেটহীন রেখেছেন তিনি। ইনিংসের ৬৪তম ওভারে অভিষিক্ত শরীফুলের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লঙ্কান অধিনায়ক।

লাঞ্চের পরই ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূর্ণ করেছিলেন করুনারত্নে। ১৯০ বলে ১৫টি চারে ১১৮ রান করে ফিরেন তিনি। থিরিমান্নের সঙ্গে তার জুটি থামে ২০৯ রানে। যা বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে লঙ্কান ব্যাটসম্যানদের ৯মবার দুইশর বেশি রানের জুটি। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন থিরিমান্নেও। বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরির এটি সপ্তম ঘটনা। অধিনায়ক ফিরলেও থিরিমান্নে দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন ওশাদা ফার্নান্দোকে নিয়ে। ৮২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা।

প্রথম দিনেই বড় স্কোরের ভিত পেয়ে গেল শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় দিনে বল হাতে তাসকিনরা জ্বলে উঠতে না পারলে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়বে স্বাগতিকরা।

বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি

ব্যাটসম্যান                      দল            সাল

সাঈদ আনোয়ার-তৌফিক উমর              পাকিস্তান           ২০০১

দিনেশ কার্তিক-ওয়াসিম জাফর               ভারত   ২০০৭

নেইল ম্যাকেঞ্জি-গ্রায়েম স্মিথ  দ. আফ্রিকা   ২০০৮

মুরালি বিজয়- শেখর ধাওয়ান                ভারত   ২০১৫

ডিন এলগার-মারক্রাম         দ. আফ্রিকা   ২০১৭

জিত রাভাল-টম ল্যাথাম       নিউজিল্যান্ড  ২০১৯

দিমুথ করুনারত্নে-লাহিরু থিরিমান্নে          শ্রীলঙ্কা ২০২১