শ্রীলঙ্কার টার্গেট ৬০০

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:২১

স্পোর্টস রিপোর্টার

উইকেটের রান সংখ্যতাকে পরিপূর্ণভাবে কাজে লাগাচ্ছে শ্রীলঙ্কা। ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ১ উইকেটে ২৯১ রান তুলেছে স্বাগতিকরা। সেঞ্চুরি করেছেন দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। অনুমিতভাবেই প্রথম ইনিংসে বড় স্কোরের দিকে যাচ্ছে শ্রীলঙ্কা। গতকাল প্রথম দিন শেষে করুনারত্নেও জানালেন, উইকেটে বোলারদের জন্য কিছু নেই। প্রথম ইনিংসে ৬০০ রানই তার টার্গেট।

প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন করুনারত্নে। গতকাল ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি করেছেন এ বাঁহাতি ওপেনার। ২৮ রানে জীবন পেলেও আউট হয়েছেন ১১৮ রান করে। দিন শেষে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘বোলারদের জন্য বেশি কিছুই নেই উইকেটে। কিন্তু সম্ভবত পরের দিকে স্পিনারদের জন্য কিছু থাকতে পারে। আমাদের যত বেশি সম্ভব রান করা দরকার, ৬০০’ই টার্গেট। যাতে বোলারদের জন্য আমরা কিছু দিতে পারি।’

দিন শেষে ১৩১ রানে অপরাজিত থাকা থিরিমান্নের প্রশংসা করেছেন করুনারত্নে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে দুই জন একসঙ্গে খেলছেন। গতকাল ২০৯ রানের জুটি গড়েছেন তারা। যা বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে লঙ্কানদের সেরা জুটি। এখন থিরিমান্নের ইনিংসটা আজ আরো বড় হবে এমনই আশা করুনারত্নের।