বিমান বাহিনীর মানবিক সহায়তা

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:২৪

কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের নির্দেশনায় বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার কর্তৃক ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত ৫০০ দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনার এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শাফকাত আলীর উপস্থিতিতে দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিমান বাহিনী ঘাঁটি বাশারের উদ্যোগে ঘাঁটির নিকটস্থ ঢাকার জাহাঙ্গীর গেট, মিরপুর-১৪, শাহীনবাগ এবং বিজয় সরণি এলাকায় নিম্ন আয়ের দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। গত ২৮ এপ্রিল বিমান বাহিনীর মৌলভীবাজার র্যাডার ইউনিটে কর্মরত কর্মকর্তা ও বিমানসেনাদের ব্যক্তিগত উদ্যোগে ও নিজ তহবিল থেকে পার্শ্ববর্তী এলাকার নিম্ন আয়ের দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।            —আইএসপিআর