কটিয়াদীতে কিশোর গ্যাংয়ের হামলা ৩৫ বাড়ি ভাঙচুর, লুটপাট

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:২৯

বাল্যবিবাহ নিয়ে বিরোধ

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের পার্শ্ববর্তী গ্রামের শহীদ ও রাতুলের নেতৃত্বে কিশোরগ্যাং ধারালো অস্ত্র দিয়ে দুই দফা হামলা করে প্রায় ৩৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

জানা যায়, একটি বাল্যবিবাহকে কেন্দ্র করে দশপাখি গ্রামের শহীদ ও রাতুল গংদের সঙ্গে পূর্বচর পাড়াতলা গ্রামের মানুষের মতবিরোধের জের ধরে বুধবার রাত ৯টার সময় এক দফা ও রাত ১১টার দিকে আরেক দফা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময়  বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলে হামলাকারীরা লুটপাট করে। পূর্বচর পাড়াতলা গ্রামের মানিক মিয়া বলেন, আমার বাড়িঘরসহ প্রায় ৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। হালিমা আক্তার বলেন, রাতে সন্ত্রাসীদের হামলার কারণে ছোট ছোট ছেলেমেয়েরা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই ভয় পেয়েছে। আমি হামলাকারীদের বিচার চাই।

লোহাজুরী ইউনিয়নের সাবেক মেম্বার খুর্শিদ আলম বলেন, আলী নামের এক ছেলে পার্শ্ববর্তী জালালপুর ইউনিয়নের একটি এতিম মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করলেও বিয়ে করেনি। এ ঘটনায় শহীদ ও রাতুলের নেতৃত্বে কিশোরগ্যাং আলী ও অন্যদের বাড়ি ঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে। এ ব্যাপারে অভিযুক্ত আলীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

লোহাজুরী ইউপি চেয়ারম্যান আতাহর উদ্দিন ভূঞা রতন বলেন, একটি মেয়েঘটিত বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। আমি এর নিন্দা জানাই। উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান বলেন, আমি একটি প্রকল্প কাজ পরিদর্শন করতে গিয়ে এ ঘটনা দেখে এসেছি। একটি বিবাহকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলাকারীদের নাম পরিচয় পেয়েছি। সাদা পোশাকে পুলিশ অভিযানে আছে।