করোনাকালের বাজেটে গুরুত্ব পাবে শিক্ষা

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ০০:৪০

আগামী অর্থবছরের বাজেটে শিক্ষা অগ্রাধিকার খাত হিসেবে গুরুত্ব পাবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, করোনা যেসব ক্ষেত্রে আঘাত করেছে, শিক্ষা তার অন্যতম। স্বাস্থ্য খাতের ক্ষতি আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি, কিন্তু শিক্ষা ক্ষেত্রের ক্ষতি হয়ে যাচ্ছে নীরবে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয়েছে বাজেটে যে কয়টি অগ্রাধিকার খাত রয়েছে, এর মধ্যে শিক্ষা অন্যতম।

গতকাল বৃহস্পতিবার ‘করোনায় বিপর্যস্ত শিক্ষা : কেমন বাজেট চাই’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযান এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে বহু ধারায় শিক্ষা চলছে। সব একত্র হওয়ার দরকার নেই। কিন্তু জ্ঞান-বিজ্ঞানের যে অধিক্ষেত্র আছে, সেখানে সবাই আদৌ যাচ্ছে কি না, সেটি দেখার বিষয় আছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার করছি। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিল তা এখনো বহাল রয়েছে।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, করোনা সংকটের কারণে মহাবিপর্যয়ের দিকে ধাবিত বিশ্ব। এ জন্য অর্থনীতিকে চালু রাখতে হবে। স্বাস্থ্য ও কৃষিকে পুনরুদ্ধার করতে হবে। কিন্তু তার মধ্যে যেন শিক্ষা হারিয়ে না যায়। শিক্ষাকে অগ্রাধিকারের জায়গা থেকে দেখতে হবে।

মূল প্রবন্ধে গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক বলেন, করোনার কারণে ৪ কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রান্তিক পর্যায়ে শিক্ষার সুযোগ কম। এখান থেকে উত্তরণের জন্য জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করা দরকার।

সংলাপে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ইমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, শিক্ষক নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, ঢাকা আহসানিয়া মিশনের নির্বাহী পরিচালক ড. এহসানুর রহমান প্রমুখ।