আগামী ১০ মের মধ্যে তৈরি পোশাকসহ দেশের সব খাতের শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ত্রিপক্ষীয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দিয়ে বলেন, এপ্রিল ছাড়াও আগের কোনো মাসের বেতন বকেয়া থাকলে, তাও আলোচ্য সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। সভায় উপস্থিত কারখানা মালিকদের প্রতিনিধিরা এ সিদ্ধান্তে সম্মত হন বলে সূত্র জানিয়েছে। সভায় উপস্থিত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি ইত্তেফাককে বলেন, ১০ মের মধ্যে ঈদ বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। করোনা পরিস্থিতিতে মালিকপক্ষ সংকটে রয়েছেন। ফলে কারো কারো সমস্যা হতে পারে। কিন্তু যত সমস্যাই হোক, বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এর কোনো বিকল্প নেই। কেননা শ্রমিকরা কাজ করেছেন, তাদের বেতন পরিশোধ করতে হবে। এক্ষেত্রে বিজিএমইএর থেকে আমরা নিয়মিত তদারকি করব।
সূত্র জানায়, সভায় কারখানা মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের লক্ষ্যে সরকারের কাছে সম্প্রতি তিন মাসের যে নতুন প্রণোদনা সুবিধা চেয়েছেন তাতে শ্রম মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন। এস এম মান্নান কচি বলেন, আমরা শ্রম মন্ত্রণালয়কে এ বিষয়ে উদ্যোগ নিতে চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, তারা সহযোগিতা করবেন।
সভায় পোশাক খাতের শ্রমিকদের করোনা ভাইরাসের টিকা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার জন্য শ্রমিক ও মালিকপক্ষ থেকে অনুরোধ জানানো হয়। শিল্প অধ্যুষিত এলাকায় টিকাদান কেন্দ্র স্থাপন করে টিকা কার্যক্রম চালাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে মালিকপক্ষ।
