করোনা আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে নিহত চার জনের পরিবারকে আপাতত ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদেশপ্রাপ্তির এক মাসের মধ্যে এই অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে হস্তান্তর করতে বলা হয়েছে। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ সংশোধন করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী পক্ষের কৌঁসুলি ব্যারিস্টার হাসান এম এস আজিম।
গত বছরের ২৮ মে ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডে পাঁচ জন রোগী মারা যান। এ অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি তুলে ধরে নিহতদের পরিবার প্রতি ১৫ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। পরে আরো দুটি রিট করা হয়। যেখানে নিহতদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত হন। এরপর অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকোর্ট একাধিক সরকারি সংস্থার প্রতিবেদন তলব করে।
সেখানে পুলিশের প্রতিবেদনে ইউনাইটেড হাসপাতালের গাফিলতির কথা বলা হয়েছে। রাজউক বলছে, করোনার জন্য আলাদা করে আইসোলেশন ইউনিট করতে তাদের অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে ফায়ার সার্ভিস বলছে, অগ্নিকাণ্ডের সময় হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিলে রোগীদের মৃত্যু রোধ করা সম্ভব হতো।
এই প্রতিবেদন পাওয়ার পরই গত বছরের ১৫ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ১৫ দিনের মধ্যে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এর বিরুদ্ধে আপিল করে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ২০ আগস্ট শুনানি নিয়ে আপিল বিভাগ রিট আবেদনকারীগণকে নতুন করে রিট আবেদনটি হাইকোর্টে উপস্থাপনের নির্দেশ দেয়। এরপরই গত ১১ জানুয়ারি বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ১৫ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৩০ লাখ টাকা করে প্রদান করতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে আবারও নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে হাসপাতাল কর্তৃপক্ষ। আদালতে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী মুস্তাফিজুর রহমান খান ও তানজীব উল আলম এবং রিটকারীর পক্ষে অনীক আর হক ও হাসান এম এস আজিম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ ৩০ লাখ টাকার পরিবর্তে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
প্রসঙ্গত, নিহত পাঁচ জনের পরিবারের মধ্যে এক জনের পরিবার আগেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করেন। তাই অন্য চার জনের পরিবার এই ক্ষতিপূরণ পাবে।
