অভিনয়শিল্পী মনোজ প্রমাণিক ও সঞ্চালক মৌসুমী মৌ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দুজনের ফেইসবুকে ঝুলছে পাঁচটি যুগল ছবি। ছবিতে তারা পুরোপুরি বর-কনের সাজে। বরের পরনে কালো পাঞ্জাবি আর কনের লাল শাড়ি; গলায় ফুলের মালা। ছবিগুলো ভাইরাল করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। যা ভক্তদের পুরোপুরি বিভ্রান্ত করে।
রাত সাড়ে ৮টা নাগাদ চয়নিক ছবিগুলো পোস্ট করেন ফেসবুকে। ‘মনোজ ও মৌ-এর বিয়ে! আহা!!’- এটুকু লেখে ট্যাগও করেন দুজনকে। তারপর লাইক, কমেন্ট বাড়তে থাকে দ্রুত। অনেকে দুই অভিনেতাকে শুভেচ্ছা জানান।
বলা নেই, কওয়া নেই- এমনকি গুঞ্জনও নেই তাদের নিয়ে, অথচ ঘটে গেল কতো বড় ঘটনা! তাই ছবিগুলো দেখে ভক্তরা তো বটেই সতীর্থরাও বেশ পিলে চমকে উঠলো। বিস্ময় প্রকাশ করলো। দ্বিধা নিয়ে প্রশ্নও করলো কেউ কেউ। তবে প্রত্যেকেই অভিনন্দন জানাতে ভুল করলো না।
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেল, বিয়ে-থা কিচ্ছু নয়। সবাইকে চমকে দেয়ার জন্যই যুক্তি করে এমনটা করেছেন তারা।
জানা গেছে, ছবিগুলো মূলত চয়নিকা চৌধুরীর ঈদের বিশেষ একটি নাটকের লোকেশনে তোলা। সম্প্রতি কোভিড নেগেটিভ হয়েই ক্যামেরা নিয়ে মাঠে নামলেন ‘বিশ্ব সুন্দরী’খ্যাত এই নির্মাতা। মাঠে নামবেন আর আওয়াজ দেবেন না- তা তো হতে পারে না।
মনোজ ও মৌ এর বিয়ে! আহা!! ♥
Posted by Chayanika Chowdhury on Thursday, April 29, 2021
মনোজ প্রামাণিককে বলা হয়, এই সময়ের সবচেয়ে মেধাবী অভিনেতা। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, ওয়েব সিরিজ- সর্বত্র প্রমাণিত প্রামাণিক। শিক্ষক হিসেবেও তিনি বেশ জনপ্রিয় শিক্ষার্থীদের কাছে। ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক তিনি।
অন্যদিকে মৌসুমী মৌ-ও কম নন। অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা আছে দেশের বেশিরভাগ টিভি চ্যানেলে। সঙ্গে কর্পোরেট শো’তো রয়েছেই। অভিনয়েও দারুণ অভিজ্ঞতা রয়েছে তার। গত ঈদে তাকে দেখা গেছে কিংবদন্তি আফজাল হোসেনের বিপরীতে ‘অগ্নিফসল’ টেলিছবিতে। এটি নির্মাণ করেছেন ‘ঘুড্ডি’-খ্যাত বরেণ্য নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী।
ইত্তেফাক/বিএএফ
