জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয়বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, ‘আমাদেরকে করোনা মোকাবিলা করেই দেশের চলমান উন্নয়ন ও অর্থনীতি গতিশীল রাখতে হবে। সম্প্রতি ভারতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দেশটিতে করোনা বৃদ্ধির পেয়েছে কয়েক গুণ। চরম ঝুঁকির মধ্যে রয়েছে তারা।’
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে মাদারীপুরের শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে ঈদ উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফর নগদ অর্থ সহায়তা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী। শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরও অনেকেই।
তিনি বলেন, ‘বাংলাদশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করায় করোনা তেমন বৃদ্ধি পায়নি। বিগত দিনে করোনায় আমাদের আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী মারা গেছে, আমরা সেই শোক এখনো ভুলতে পারিনি।’
চিফ হুইপ বক্তব্যে আরও বলেন, ‘যখন পৃথিবীর অনেক দেশ করোনার টিকা দিতে পারে নাই। তখন থেকে আমাদের দেশে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। ভারত থেকে টিকা আমরা আনতাম। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। দুটো ভ্যাকসিন না দেওয়া থাকলে বা ভ্যাকসিন সার্টিফিকেট না থাকলে আগামীতে হয়তো পৃথিবীর কোন দেশে যেতে পারবেন না। অনেক কাজ করার সময় ভ্যাকসিন সার্টিফিকেট চাওয়া হবে। করোনার ভ্যাকসিন আমাদের জীবনের একটা অংশ হয়ে যাবে।’
উল্লেখ্য, শিবচর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ২৬ হাজার ২২ জন হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনপ্রতি চারশত পঞ্চাশ টাকা করে ১১ কোটি ৭ লাখ ৯ হাজার ৯শ টাকা বিজিএফ (আর্থিক) সহায়তা দেওয়া হবে।
ইত্তেফাক/এএএম
