আকাশ-রিমার ‘একলা আকাশ’

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২০:২৯

ওপার বাংলার সংগীতশিল্পী আকাশ সেন এখন এপার বাংলায়ও পরিচিত। বাংলাদেশের একাধিক কণ্ঠশিল্পীর সঙ্গে দ্বৈত গান করে প্রশংসিতও হয়েছেন। আসন্ন ঈদ উপলক্ষে নতুন দ্বৈত গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘একলা আকাশ’ শিরোনামে গানটি আকাশ সেনের সঙ্গে গাইবেন কণ্ঠশিল্পী নিলুফা আক্তার রিমা।

এই গানটি লিখেছেন শরীফ আল দ্বীন। নাজির মাহমুদের সুরে গানটির সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। ‘একলা আকাশ’ প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

মাইকেল বাবু ও রতন মিয়ার কোরিওগ্রাফি ও নির্দেশনায় নির্মিত গানটির ভিডিওতে মডেল হয়েছেন সজীব খান ও ইলমা চৌধুরী।

গানটি প্রসঙ্গে আকাশ সেন বলেন, ‘ ‘একলা আকাশ’ খুবই রোমান্টিক ঘরনার একটি গান। এটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

গান ভিডিও প্রসঙ্গে রিমা বলেন, ‘অনেক যত্ন করে গানটি করেছি। ভিডিওটি দৃষ্টিনন্দন জায়গায় শুটিং হয়েছে। আশা করছি গান ভিডিওটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ‘ঈদ আয়োজন হিসেবে আগামী ২ মে (রবিবার) তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্পন্সর এবং স্বাধীন মিউজিক অ্যাপ-এ।

ইত্তেফাক/বিএএফ