ওয়ার্নারকে সরিয়ে উইলিয়ামসনকে দায়িত্ব দিলো হায়দরাবাদ

আপডেট : ০২ মে ২০২১, ০০:৪০

ব্যর্থতার দায়ে আইপিএলের গত মৌসুমের মাঝপথে অধিনায়ক বদল করেছিল কেকেআর। এ বার সেই পথে হাঁটলেন সানরাইজার্স হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য কেন উইলিয়ামসনকে দায়িত্ব দিল ফ্র্যাঞ্চাইজিটি।

আজ রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাই উইলিয়ামসন টস করতে নামবেন। এ বারের আইপিএল-এ প্রথম বার অধিনায়ক বদলালো কোনও দল।

ওয়ার্নারের নেতৃত্বে চলতি আইপিএল-এ ৬টির মধ্যে ৫টি ম্যাচেই হেরেছে হায়দরাবাদ। ওয়ার্নারের ব্যাটে রান থাকলেও দল কিছুতেই জয়ের মুখ দেখছে না। পয়েন্ট তালিকাতেও সবার শেষে তারা।

মাঠের বাইরেও দলটাকে গোছাল মনে হচ্ছিল না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে অধিনায়ক ওয়ার্নারের দূরত্বও পরিষ্কার বোঝা যাচ্ছিল। গুঞ্জন আছে, দলটির ডিরেক্টর টম মুডি ও মেন্টর ভি ভি এস লক্ষ্মনের সঙ্গে তার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না।

নিজেদের অফিসিয়াল টুইটারে সানরাইজার্স হায়দরাবাদ জানিয়েছে, ওয়ার্নারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। দীর্ঘদিন ধরে মাঠে এবং মাঠের বাইরে দলের প্রতি তার অবদান অপরিসীম। ওয়ার্নারের নেতৃত্বেই ২০১৬-তে আইপিএল জিতেছিল হায়দরাবাদ।

ইত্তেফাক/এমআর