কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রাম পূর্ণমতি। গ্রামটির মাঝামাঝি রয়েছে যাতায়াতের প্রধান সড়কটি। বুড়িচং সদরের সঙ্গে পূর্ণমতি গ্রাম সংলগ্ন বাজার হয়ে সড়কটি সীমান্তবর্তী রাজাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বিস্তৃত। আর যোগাযোগের এই প্রধান সড়কের পাশে গ্রামটির বিভিন্ন স্থানে চলাচলের রাস্তা না থাকলেও একাধিক কালভার্ট বা ব্রিজ রয়েছে। এই গ্রামে এরকম কমপক্ষে পাঁচটি কালভার্ট বা ব্রিজ যান চলাচলে কোনো কাজেই আসছে না। জানা যায়, ফসলি জমিতে যাওয়া-আসার জন্য কিংবা বাসা-বাড়িকে উপলক্ষ্য করে কালভার্ট নির্মিত হলেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে সরকারি টাকার এইসব কালভার্ট, ব্রিজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বছরের পর বছর। যার কিছু হাঁটাচলায় ব্যবহার হলেও কোনোটা শুধু অস্তিত্ব জানান দিতে দাঁড়িয়ে আছে। এসব ব্রিজ-কালভার্ট দিয়ে কখনোই যানবাহন না চললেও জনগণের দুঃখ-কষ্ট লাঘবে দু’দশক আগে এসব নির্মাণ করা হয়েছিল! এ অবস্থায়, এসব ব্রিজ-কালভার্ট সংলগ্ন অব্যবহূত রাস্তাগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মামশাদ কবীর
কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
