আলফাজের মোহামেডান জিতেছে

আপডেট : ০২ মে ২০২১, ২২:২৮

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে মোহামেডানের ইংলিশ কোচ শন লেন এখনো ঢাকায় ফিরেননি। ইংল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী শন লেনের বাংলাদেশী ভিসার মেয়াদ বাড়াতে অস্ট্রেলিয়ায় গেছেন। এরই মধ্যে খেলাও শুরু হয়ে গেছে। সহকারী কোচ সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ আহমেদ এখন মোহামেডানের প্রশিক্ষণের দায়িত্বে। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতি লিগে নিজেদের প্রথম খেলায় মোহামেডান ২-১ গোলে আরামবাগকে হারিয়েছে। ১৩ খেলায় ৬ জয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে মোহামেডান। সমান ম্যাচে আরামবাগের পয়েন্ট ১।

দর্শকবিহীন মাঠে মালির স্ট্রাইকার সুলায়মান দিয়াবাতে জোড়া গোল করেছেন। ৯ মিনিটে এগিয়ে যাওয়া মোহামেডান সোহাগের ভুলে আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে আরামবাগ ১-১। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে আবার সেই সুলায়মানের দর্শনীয় গোলে মোহামেডান জয় পায় ২-১।

শেখ জামাল ছুটছে বসুন্ধরা কিংসের পেছনে

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পেছনেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফিরতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। প্রথম পর্বে ২-১ গোলে জিতেছিল। ১৩ খেলায় ৮ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল। সমান ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস উপরে রয়েছে। ১৩ দলের মধ্যে বসুন্ধরা এবং শেখ জামাল এখনো ম্যাচ হারেনি। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত রহমতগঞ্জ এবং সাইফ স্পোর্টিং গোল শূন্য ড্র করেছে। শুক্রবার ফিরতি পর্ব শুরু হওয়ার দিনে শেখ রাসেলের বিপক্ষে ৯০ মিনিট গোল শূন্য থাকার পর যোগ হওয়ার সময়ে গোল হজম করে হেরেছিল ব্রাদার্স।