সোনারগাঁওয়ে অস্ত্রসহ সন্ত্রাসী মোমেন গ্রেফতার

আপডেট : ০২ মে ২০২১, ২২:৩৬

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরের শীর্ষ সন্ত্রাসী টাইগার মোমেন অস্ত্রসহ গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি বিরাজ করছে। গত শনিবার উপজেলার কাঁচপুর ওলামানগর এলাকা থেকে র্যাবের একটি দল মোমেন বাহিনীর প্রধান টাইগার মোমেন ও তার সহযোগী বুলবুল ভূঁইয়াকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ম্যাগাজিন ভর্তি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, এক লিটার বাংলা মদ, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত টাইগার মোমেন সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের শ্যালক নূর আলম খানের অন্যতম সহযোগী। মোমেনের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ এক ডজন মামলা রয়েছে। টাইগার মোমেন নূর হোসেনের শ্যালক নূর আলম খানের শেল্টারে কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। ‘মোমেন বাহিনী’ নামে পরিচিত এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। এছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এই সন্ত্রাসী বাহিনী বিভিন্ন পরিবহন থেকে জ্বালানি তেল চুরি, পরিবহনে ছিনতাই ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দীন চৌধুরী জানান, শনিবার রাতে গ্রেফতারকৃত মোমেন বাহিনীর প্রধান টাইগার মোমেন ও তার সহযোগী মো. বুলবুল ভূঁইয়াকে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান জানান, অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় সোনারগাঁও থানায় দুইটি মামলা করা হয়েছে।