মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে সিএনজি চালিত অটোরিকশা চালক রায়হানের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মান্দ্রা গ্রামের মিঠু মুন্সীর বাড়ির পাশে ঈদগাঁও সংলগ্ন স্থান থেকে ক্ষত বিক্ষত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাড়ি সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে। গত বুধবার অটোরিকশা নিয়ে বের হয়ে রায়হান নিখোঁজ হন। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে আম কুড়াতে গিয়ে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশটির গলায় একটি ধারালো বটি বিদ্ধ অবস্থায় ছিল। নিহতের পিতা নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে ছেলের লাশ শনাক্ত করে বলেন, গত বুধবার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর ফিরে না আসায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। তার ধারণা, ছিনতাইকারীরা তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।
০
