সরকারের নির্দেশনা দুই বছরের জন্য স্থগিত চায় পোশাকশিল্প

আপডেট : ০২ মে ২০২১, ২২:৩৯

 

পরিকল্পিত শিল্পাঞ্চল ছাড়া গ্যাস-সংযোগ বন্ধ করা

ইত্তেফাক রিপোর্ট

পরিকল্পিত শিল্পাঞ্চলের (সরকারঘোষিত অর্থনৈতিক অঞ্চল ও বিসিক শিল্প এলাকা) বাইরে বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা শিল্প কিংবা শিল্প এলাকায় গত এপ্রিল থেকে গ্যাসসহ বিদ্যুেসবা বন্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে। তবে তৈরি পোশাকশিল্প মালিকরা এ সিদ্ধান্ত আগামী দুই বছরের জন্য স্থগিত করার দাবি জানিয়েছেন। তারা বলছেন, পরিকল্পিত শিল্পাঞ্চল এখনো তৈরি হয়নি। এটি তৈরি না করেই গ্যাস বিদ্যুতের মতো পরিষেবা বন্ধ করে দিলে তাতে শিল্পোত্পাদন ব্যাহত হবে। এর ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার সরকারের বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে চিঠি দিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিঠিতে পরিকল্পিত শিল্পাঞ্চলগুলো নতুন শিল্প স্থাপনের উপযোগী হওয়ার আগ পর্যন্ত শিল্পাঞ্চলের বাইরে স্থাপিত শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুত্সহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। যোগাযোগ করা হলে বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম ইত্তেফাককে বলেন, শিল্পাঞ্চলগুলোতে শিল্প স্থাপনের উপযোগী না করে গ্যাস-বিদ্যুত্সহ সুযোগ-সুবিধা বন্ধ করা ঠিক হবে না। এই নির্দেশনা বাস্তবায়ন হলে অনেক শিল্প বন্ধ হয়ে যাবে। ফলে শ্রম অসন্তোষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এমনতিইে করোনাসহ সার্বিক পরিস্থিতিতে পোশাকশিল্প কঠিন সময় পার করছে। তিনি বলেন, এখনো শিল্পাঞ্চলগুলোতে অবকাঠামো তৈরি হয়নি। এ বিষয়ে জানতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত ঐ চিঠিতে শিল্পাঞ্চলের বাইরে আগামী দুই বছর পর্যন্ত গ্যাস বিদ্যুতের পরিষেবা বহাল রাখার অনুরোধ জানানো হয়। চিঠিতে বলা হয়, দেশে হাজার হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জন তথা অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে পরিকল্পিত শিল্পাঞ্চলগুলোতে নতুন শিল্প স্থাপনের উপযোগী না হওয়া পর্যন্ত শিল্পাঞ্চলের বাইরে স্থাপিত নতুন শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুত্ সুবিধা নিশ্চিত করা দরকার।