মোরেলগঞ্জে বিষটোপে প্রাণ গেল ৪০০ ঘুঘু ও ৬০ কবুতরের

আপডেট : ০২ মে ২০২১, ২৩:০৮

মোরেলগঞ্জে পাখি শিকারিদের বিষাক্ত খাবার খেয়ে দুই দিনে কমপক্ষে ৪০০ ঘুঘু পাখি ও ৬০টি কবুতর প্রাণ হারিয়েছে। শনিবার সকালে উত্তর সরালিয়া গ্রামের একটি ধানখেত ও বাগান থেকে স্থানীয়রা মৃত ঘুঘু পাখি ও কবুতরগুলো উদ্ধার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আর যাতে কোনো পাখি প্রাণ না হারায় সে জন্য ফায়ার সার্ভিসের সাহায্যে সেই ধান খেতটি বিষমুক্ত করতে সেখানে প্রচুর পানি দেওয়া হয়েছে। পাখিগুলো উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘পাখি হত্যার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’