কালীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু মা-বাবা দগ্ধ

আপডেট : ০২ মে ২০২১, ২৩:০৮

কালীগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে লিংকন নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ শিশুটির মা লায়লা বেগম (২৫) ও বাবা সাইফুল ইসলাম (৩৫) হাসপাতালে ভর্তি আছেন। গত শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঐ শিশু মারা যায়। এর আগে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ডাকবাংলো ভবনের পাশে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়।

স্থানীয়রা জানান, রাতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন শিশুটির মা লায়লা বেগম। হঠাত্ করে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হলে বিকট শব্দে তারা তিন জন ছিটকে পড়ে যান। এ সময় তাদের শরীরে আগুন ধরে যায়। বাঁচার জন্য চিত্কার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, শিশুটির বাবা সাইফুল ডাকবাংলোর কেয়ারটেকার হিসাবে কর্মরত ছিলেন। কালীগঞ্জ ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু তাহের জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।