গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। গতকাল রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়।
এ সময় শ্রমিক নেতারা বলেন, ঈদকে সামনে রেখে দোকানপাট খুলে দেওয়া হলেও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। এতে হাজার হাজার পরিবহন শ্রমিক আর্থিক কষ্টে আছে। শ্রমিকরা সরকারিভাবে কোনো সহায়তা পাচ্ছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে পরিবহন শ্রমিকরা। গণপরিবহন চালুর অনুমতি দেওয়া হলেও শ্রমিকরা বাঁচার পথ খুঁজে পাবে। তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমরা গণপরিবহন চালাতে চাই। আমাদের অনুমতি দেওয়া হোক।
এতে বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, মো. মূছা, অলি আহমদ, হারুনুর রশিদ, শফিকুর রহমান প্রমুখ।
